উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুর-শরীয়তপুর সড়কে আসামি বহনকারী পুলিশের একটি পিকআপ ভ্যান উল্টে আব্দুস সালাম (৫১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় ঘটা এই দুর্ঘটনায় আসামি ও পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। নিহত আব্দুস সালাম শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পশ্চিম চরকরমশি গ্রামের আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিবচর থানার একটি ফৌজদারি মামলায় শহরের ইটেরপুল এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান শেষে শিবচর থানায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা পথচারী এক শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। অতিরিক্ত গতির কারণে গাড়িটি সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই পুলিশ সদস্য আব্দুস সালাম মারা যান।
এই দুর্ঘটনায় আহত তিন আসামি, পাঁচ পুলিশ সদস্য ও দুই পথচারীকে দ্রুত উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানিয়েছেন যে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।