উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের গহীন পাহাড়ি এলাকায় রাতভর অভিযান চালিয়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোরে হামহাম জলপ্রপাত সংলগ্ন সীতাব নামক জলধারা থেকে মরদেহটি উদ্ধার করে বনের বাইরে নিয়ে আসা হয়, যার আনুমানিক বয়স ৫৫ থেকে ৬০ বছর।
বৃহস্পতিবার বিকালে পর্যটন এলাকা হামহামের মোকাম টিলা সংলগ্ন সিতাবের পানিতে কয়েকজন মাছ শিকারী মরদেহটি ভাসতে দেখেন এবং বিষয়টি প্রশাসনকে জানান। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিজিবির একটি যৌথ দল বৃহস্পতিবার রাতেই দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানে নামে।
অভিযান চলাকালে স্থানীয় চা বাগান ব্যবস্থাপক, ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দারা যৌথ দলকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। কমলগঞ্জের ইউএনও সন্দীপ তালুকদার ও ওসি কমর উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা রাতভর বনে অবস্থান করে দীর্ঘ চেষ্টার পর শুক্রবার ভোরে মরদেহটি লোকালয়ে নিয়ে আসেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান যে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।