উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেপাল ও তিব্বতের ল্যাংটাং লিটুং পর্বতচূড়ার কাছে হিমবাহ ধসে মারাত্মক বন্যার এক সপ্তাহের বেশি সময় পার হলেও বিশেষজ্ঞরা মৃতদেহ শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছেন। পানি ও কাদার তীব্র স্রোতে মৃতদেহগুলো এমন অবস্থায় পৌঁছেছে যে দৃশ্যমান শনাক্তকরণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে, ফলে ডিএনএ পরীক্ষাই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।
সুইডেনের ন্যাশনাল বোর্ড অব ফরেনসিক মেডিসিনের অণুজীববিজ্ঞানী কার্সটিন মন্টেলিরাস আল জাজিরাকে জানান, রক্ত, নরম টিস্যু, হাড় ও দাঁত থেকে ডিএনএ প্রোফাইল তৈরি করা সম্ভব। ইন্টারপোলের বিপর্যয় ভিকটিম শনাক্তকরণ বা ডিভিআই কাঠামোর অধীনে ডিএনএ তুলনা, আঙুলের ছাপ এবং দাঁতের তুলনা হলো অত্যন্ত নির্ভরযোগ্য তিনটি পদ্ধতি।
নিখোঁজ ব্যক্তির ব্যক্তিগত সামগ্রী যেমন টুথব্রাশ বা হেয়ারব্রাশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা সম্ভব না হলে, নিখোঁজদের নিকটাত্মীয়দের কাছ থেকে রক্ত নিয়ে তা মৃতদেহের ডিএনএর সাথে মেলানো হয়। শতভাগ মিল পাওয়া গেলেই কেবল মৃতদেহ শনাক্তকরণ ঘোষণা করা হয়, যা বর্তমানে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে ভারত নেপালে একটি ১৯ সদস্যের ফরেনসিক দল পাঠিয়েছে যারা নেপালি সহকর্মীদের সাথে যৌথভাবে কাজ করছে। এছাড়া চীনও ডিএনএ বিশেষজ্ঞের দ্বিতীয় দল এবং তৃতীয় দফায় জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বলে সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে।
বৃহস্পতিবার কৃর্তপক্ষ জানিয়েছে যে বন্যায় ১ হাজার ২৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৪ হাজার ৭০০ জনের বেশি এখনও নিখোঁজ রয়েছেন। মর্গে উপচে পড়া মৃতদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে প্রথম সারির আত্মীয়দের রক্ত বা ডিএনএ নমুনা জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। বিদেশিদের ক্ষেত্রে নিজ দেশে প্রোফাইল তৈরি করে তা নেপাল পুলিশের কাছে ইমেইলে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।