উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের সংখ্যালঘু না ভেবে বাংলাদেশের সমান অধিকারভুক্ত নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ধর্মীয় পরিচয় থাকলেও জাতীয়তার ক্ষেত্রে সবাই এ দেশের নাগরিক। সমাজে ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক শান্তি বজায় রাখাই সরকারের প্রধান লক্ষ্য।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ অন্যরা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য না করা এবং সব সম্প্রদায়ের উপাসনালয়ের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি কেবল সংবিধানে সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। বাস্তবেও এর নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং তা বজায় রাখা হবে। নাগরিক হিসেবে দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠী নির্বিশেষে সবাই যার যার ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতিচর্চা বজায় রাখবেন।
তিনি আরও বলেন, আমাদের মূল নীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। তাই ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয়ের আগে সবাইকে বাংলাদেশি হিসেবে ভাবতে হবে। কাউকে সংখ্যালঘু নয়, বরং স্বাধীন দেশের সমান নাগরিক হিসেবেই পরিচয় দেওয়া উচিত। এ ছাড়া ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দের চেয়ে ‘ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি’ এবং শান্তি বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।