উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার দাউদকান্দিতে আঞ্চলিক সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর এলাকার শিবপুর-চর গোয়ালি আঞ্চলিক সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় কয়েকজন নারী রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকারে পথচারী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন এবং পরে দাউদকান্দি মডেল থানায় খবর দেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে লাশটি ফেলে গেছে বলে স্থানীয়দের ধারণা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া এবং বিস্তারিত তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।