উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য না করে নিজ দেশের পরিস্থিতি নিয়ে ভাবতে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রতি আহ্বান জানিয়েছেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী নানা উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন। তবে বাংলাদেশের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফটিকছড়ির বিবিরহাটে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুভেন্দুকে উদ্দেশ করে তিনি বলেন, তাঁর নিজের দেশে গত এক মাসে মুসলিম পাড়ায় পানি পাওয়া যায়নি, অথচ বাংলাদেশে হিন্দু অধ্যুষিত এলাকায় এক সেকেন্ডের জন্যও পানির অভাব হয়নি। উসকানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা সফল হবে না জানিয়ে তিনি বলেন, এ দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায় মিলেমিশে বসবাস করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে সংসদ সদস্য বলেন, ‘এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি।’ অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাহাড়ি-সমতল নির্বিশেষে সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে। পাশাপাশি যেকোনো ধরনের অপপ্রচার ও গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান উপস্থিত ছিলেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বী নেতাদের মধ্যে মিহির চক্রবর্তী, অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, অ্যাডভোকেট তরুণ কিশোর দেব, অধ্যাপক দয়াল, অ্যাডভোকেট মিহির, জুয়েল চক্রবর্তী, সুজিত চক্রবর্তী, রোপন ভোমিক, মিন্টু নাথ ও সাগর দে সমাবেশে অংশ নেন।