উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন। জীবনের এই বিশেষ দিনে তিনি জানিয়েছেন, মহান আল্লাহর অশেষ রহমতে বর্তমানে বেশ ভালো আছেন। জন্মদিনের প্রথম প্রহরে দুই সন্তানের পাশাপাশি দেশ-বিদেশের অসংখ্য ভক্তের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই গুণী শিল্পী।
শৈশবের স্মৃতিচারণ করে সাবিনা ইয়াসমিন বলেন, সংগীত জীবনে সাফল্যের মূল কারিগর ছিলেন তার মা। বড় দুই বোন ফরিদা ইয়াসমিন ও নিলুফার ইয়াসমিনের রেওয়াজ দেখেই গানের প্রতি তার অনুরাগ জন্মেছিল। পরিবারের সবার ছোট হওয়ায় সবার আদর আর দুষ্টুমিতেই কাটত তার সময়।
মায়ের হাতের রান্নার প্রশংসা করে তিনি বলেন, মুঘল ডিশ থেকে শুরু করে সাধারণ ভর্তা—সবই মায়ের হাতের জাদুতে অমৃত হয়ে উঠত। মায়ের মৃত্যুর পর বড় বোন ফরিদা ইয়াসমিন তাদের আগলে রেখেছিলেন। পিঠাপিঠি বোন হওয়ায় নিলুফার ইয়াসমিনের সঙ্গেই তার আবদার ও খুনসুটি ছিল সবচেয়ে বেশি।
জন্মদিন নিয়ে কখনোই বাড়তি উন্মাদনা ছিল না এই শিল্পীর। তবে ছোটবেলায় মায়ের পা ছুঁয়ে সালাম করা এবং সালামি পাওয়ার স্মৃতি আজও তার মনে অমলিন। সংগীত ক্যারিয়ার শুরুর পর প্রায়ই দেখা যেত জন্মদিনের সময় বিদেশে তার গানের অনুষ্ঠান থাকত এবং আয়োজকরা তাকে চমকে দিতেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কনসার্ট বন্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, জীবদ্দশায় এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে হবে তা কখনো কল্পনাও করেননি। সংগীতের সঙ্গে ধর্মকে মিলিয়ে ফেলা তার বোধগম্য নয় এবং ধর্ম যার যার বিশ্বাসের জায়গা বলে তিনি মন্তব্য করেন।