উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে ‘সবচেয়ে বিপজ্জনক পর্যায়’ হিসেবে বর্ণনা করেছেন মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন। তার দাবি, দেশটির সামরিক এস্টাবলিশমেন্ট এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মধ্যে বর্তমানে একটি ‘নীরব লড়াই’ চলছে।
এক ভিডিও বার্তায় আলতাফ হোসেন জানান, প্রস্তাবিত ২৮তম সাংবিধানিক সংশোধনী নিয়ে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওই সংশোধনীতে নতুন প্রদেশ গঠনের বিধান থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন। এই ইস্যুটি পাকিস্তানকে বড় ধরনের রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে তিনি সতর্ক করেন।
এমকিউএম প্রতিষ্ঠাতা আশঙ্কা প্রকাশ করেন যে, পরিস্থিতির অবনতি হলে সামরিক বাহিনী ও সিন্ধিদের মধ্যে সংঘাত হতে পারে। এর ফলে স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর দাবি জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনি বেলুচিস্তানকে বেলুচ জনগণের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে বৃহত্তর গৃহসংঘাতের হুঁশিয়ারি দেন।
আলতাফ হোসেনের দাবি, সিন্ধু প্রাদেশিক পরিষদ নতুন প্রদেশ গঠনের বিরোধিতা করে প্রস্তাব পাসের যে উদ্যোগ নিয়েছে, তা জারদারি ও সেনার মধ্যকার বিরোধের প্রমাণ। একই সময়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশের বাইরে অবস্থান করায় তিনি তীব্র সমালোচনা করেন।
সামরিক নেতৃত্ব সম্পর্কে তিনি বলেন, বড় সিদ্ধান্তগুলো সেনাপ্রধান আসিম মুনির একা নেন না, বরং সম্মিলিতভাবে নেওয়া হয়। প্রয়োজনে সামরিক এস্টাবলিশমেন্ট মার্শাল ল জারি করে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারে, যা সাংবিধানিক সংশোধনী পাসের পথ তৈরি করবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।