উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের আধিপত্য বিস্তার নিয়ে শীর্ষ দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা এখন মিসরের মাটিতে পৌঁছেছে। মিসরে এআই ডেটা সেন্টার স্থাপন নিয়ে দুই দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করেছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ২০২৬ সালের এআই ইনডেক্স রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বেসরকারি খাতে এআই বিনিয়োগ ছিল ২৮৫ দশমিক ৯ বিলিয়ন ডলার, যার বিপরীতে চীনের বিনিয়োগ ছিল ১২ দশমিক ৪ বিলিয়ন ডলার।
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে মিসরে এআই ডেটা সেন্টার তৈরির দরপত্র জমা দিয়েছে। ব্লুমবার্গের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটি দুটি কম্পিউটিং ক্লাস্টার তৈরির জন্য ১ হাজার ৪০৮টি ‘অ্যাসেন্ড ৯৫০’ প্রসেসর এবং অতিরিক্ত ৬০০টি ‘অ্যাসেন্ড ৯৫০’ বা পুরনো ‘৯১০বি’ চিপ সরবরাহের প্রস্তাব দিয়েছে। ১২ মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অনুমোদন পেলে এটিই হবে হুয়াওয়ের অ্যাসেন্ড এআই প্রসেসরের প্রথম আন্তর্জাতিক রপ্তানি, যা মূলত সামরিক, নজরদারি ও সরকারি কার্যক্রমে ব্যবহৃত হবে।
হুয়াওয়ের এই উদ্যোগ ঠেকাতে পাল্টা প্রস্তাব তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, মার্কিন পক্ষ থেকে এনভিডিয়া, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) এবং মাইক্রোসফটের মাধ্যমে এই বিকল্প প্রস্তাব দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও হুয়াওয়ের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
মিসরীয় ইনিশিয়েটিভ ফর পার্সোনাল রাইটস (ইআইপিআর)-এর মানবাধিকারকর্মী মোহাম্মদ রমজান আল জাজিরাকে জানান, ডেটা সেন্টার স্থাপন বৈশ্বিক ভূরাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি বলেন, এটি মূলত বিভিন্ন অঞ্চলের তথ্য একত্রিত করার প্রতিযোগিতা, যা এক অর্থে ভবিষ্যৎ নিয়ন্ত্রণের লড়াই। তাঁর মতে, মিসরের টেলিকম খাতে দীর্ঘদিনের উপস্থিতি এবং তুলনামূলক সাশ্রয়ী মূল্যের কারণে চীন এখানে যুক্তরাষ্ট্রের চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।
অন্যদিকে মিসরীয় রাজনৈতিক বিশ্লেষক মাজেদ মান্দুর সতর্ক করেছেন যে, তীব্র পানি ও জ্বালানি সংকটের মধ্যে ডেটা সেন্টার স্থাপনের ফলে দেশের অন্যান্য অংশের সম্পদ ঘাটতি তৈরি হতে পারে। তিনি উল্লেখ করেন, এটি মূলত এআই প্রযুক্তি রপ্তানির চুক্তি হওয়ায় মিসরের অর্থনীতিতে বড় ধরনের রূপান্তর বা দীর্ঘমেয়াদি স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা কম। রাজধানী কায়রোর বিদ্যমান পরিবেশ দূষণের কারণেও এই প্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে।
মিসরের ভৌগোলিক অবস্থান এবং সুয়েজ খালের ওপর নিয়ন্ত্রণের কারণেই দেশটি এখন পরাশক্তিগুলোর কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ছয় মাসের যুদ্ধ ও হরমুজ প্রণালির অচলাবস্থার প্রেক্ষাপটে বিকল্প পথ হিসেবে সুয়েজ খালের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মিসরে তিন দিনের সফর করেছেন, যা ছিল চার বছরের মধ্যে তাঁর প্রথম মধ্যপ্রাচ্য ও এক দশকে প্রথম মিসর সফর।
বর্তমানে তেলবহির্ভূত বাণিজ্যে মিসরের বৃহত্তম অংশীদার চীন, যার পরিমাণ ২০২৫ সালের শেষ নাগাদ প্রায় ২০ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়। ২০১৪ সালে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বেইজিংয়ে চুক্তি স্বাক্ষরের পর সুয়েজ ইকোনমিক জোনসহ বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বিপুল বেড়েছে। বিপরীতে মিসর যুক্তরাষ্ট্র থেকে বছরে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পায়। ফলে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার এই প্রযুক্তির লড়াইয়ে কায়রোকে এখন এক জটিল কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হচ্ছে।