উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, দখলকৃত পশ্চিম তীরের তিনটি শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক কার্যক্রমের ফলে পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি ঘটেছে। এই পরিস্থিতিকে সম্মিলিত শাস্তি হিসেবে দেখা হচ্ছে এবং এর ফলে জাতিগত নির্মূলের আশঙ্কা তৈরি হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে যত দ্রুত সম্ভব দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের বেআইনি উপস্থিতি শেষ করতে হবে এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুত করার সব প্রচেষ্টা বন্ধ করতে হবে।
গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পরিচালিত ইসরায়েলের অপারেশন আয়রন ওয়াল অভিযানে ১০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং জেনিন, নূর শামস ও তুলকারেম শরণার্থী শিবির থেকে ৩৩ হাজারেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। ‘ধ্বংসপ্রাপ্ত ফিলিস্তিনি শরণার্থী শিবির উত্তর পশ্চিম তীর’ শীর্ষক এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের এই বৃহৎ পরিসরের দীর্ঘমেয়াদী এবং পদ্ধতিগত বাস্তুচ্যুতি মানবতাবিরোধী অপরাধের সমতুল্য হতে পারে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) এই প্রতিবেদন প্রকাশ করে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, অপারেশন আয়রন ওয়াল যেভাবে পরিচালিত হয়েছে তা থেকে মনে হয় এর লক্ষ্য ছিল যথাসম্ভব বেশি ফিলিস্তিনিকে বিতাড়িত করা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আরও অবৈধ ইসরায়েলি বসতির পথ তৈরি করা। আন্তর্জাতিক আইন অনুযায়ী জরুরি সামরিক প্রয়োজন ছাড়া বিমান হামলা, বর্মযুক্ত বুলডোজার এবং নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকাকে বসবাসের অযোগ্য করে তোলা এবং বাসিন্দাদের প্রত্যাবর্তন রোধ করা অনুমোদিত নয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন যে সেখানে আর কোনো শরণার্থী শিবির থাকবে না এবং তাদের সবার জর্ডানে চলে যাওয়া উচিত।
উল্লেখ্য যে, ১৯৪৮ সালের নাকবার সময় ব্যাপক জোরপূর্বক বহিষ্কারের পর ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য পশ্চিম তীরের মোট ১৯টি শিবিরের মধ্যে এই তিনটি শিবির স্থাপন করা হয়েছিল এবং এগুলো জাতিসংঘ ফিলিস্তিন শরণার্থী সংস্থাগুলো দ্বারা পরিচালিত হয়ে আসছে। ইউএনআরডব্লিউএ-এর তথ্য অনুযায়ী, জুলাই পর্যন্ত এই শিবিরগুলোর প্রায় ৩৩ হাজার ৩৬২ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি শরণার্থী জোরপূর্বক বাস্তুচ্যুত অবস্থায় ছিলেন। প্রতিবেদন দ্বারা কভার করা সামরিক অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২১টি শিশু নিহত হয়েছে। এর মধ্যে তুলকারিমে বাবার জন্য মসজিদে যাওয়ার অপেক্ষায় থাকা ১০ বছরের সাদ্দাম হোসেন রাজাব পেটে গুলিবিদ্ধ হন এবং জেনিনে মা ও ফুপুর সাথে রাতের খাবার খাওয়ার সময় দুই বছরের এক কন্যাশিশুর মাথায় গুলি করে ইসরায়েলি বাহিনী।