উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী মাহফুজ আনাম জেমস্ বর্তমানে তার সফল ইউরোপ ট্যুরের শেষ প্রান্তে অবস্থান করছেন। লন্ডন, পর্তুগাল, প্যারিস, সাইপ্রাস এবং ইতালির রোম ও ভেনিসে জমকালো কনসার্ট শেষ করে তিনি এখন সুইডেনে রয়েছেন। গত ২৫শে জুলাই লন্ডনে কনসার্টের মাধ্যমে দুই মাসব্যাপী এই ইউরোপ সফরের সূচনা হয় এবং ২৬শে জুলাই পর্তুগালের লিসবনে তার প্রথম লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়।
ইতালির রাজধানী রোম এবং ঐতিহ্যবাহী ভেনিস শহরের সফল কনসার্ট শেষ করে গতকাল সকালে রোমের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেনের উদ্দেশ্যে রওনা হন জেমস্ ও তার ব্যান্ডের সদস্যরা। দীর্ঘ ১২ বছর পর ইতালির রোমে জেমসের মঞ্চ পরিবেশনা ঘিরে স্থানীয় প্রবাসীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। কনসার্টের পূর্বে আয়োজিত সংবাদ সম্মেলনে জেমস্ জানান, এক দশকেরও বেশি সময় পর রোমে গাইতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
আগামী ৫-৬ই সেপ্টেম্বরের মধ্যে সুইডেনে একক লাইভ পরিবেশনার মাধ্যমে ইউরোপ সফরের ইতি টানবেন এই জনপ্রিয় শিল্পী। ইউরোপ সফর শেষেই নগরবাউল জেমস্ ও তার দল অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন। সেখানে আগামী ১২ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তার দু’টি একক কনসার্টে অংশ নেয়ার কথা রয়েছে।
নগরবাউলের ম্যানেজার ও মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, বিশ্ব জুড়ে প্রবাসী বাংলাদেশিদের বিপুল আগ্রহের কারণেই প্রতিটি শহরে কনসার্টের পরিধি ও সংখ্যা বৃদ্ধি পায়। ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ভক্তদের আহ্বানে সাড়া দিয়ে জেমস্ সব সময়ই লাইভ পারফরম্যান্সে নিজের সেরাটা উপহার দিয়ে থাকেন। সুইডেন ও অস্ট্রেলিয়ার আসন্ন কনসার্টগুলোতেও একই রকম উন্মাদনা বজায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্ট আয়োজক ও ভক্তরা।