উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষিণ-পশ্চিম ইয়েমেনে নতুন করে শুরু হওয়া তীব্র লড়াইয়ে ৪৮ ঘণ্টারও কম সময়ে প্রায় ১ হাজার ৮০০ পরিবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) তাদের এক আপডেট তথ্যে এই ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছে। তায়েজ গভর্নরেটের মাকবানাহ ও জাবাল হাবাশি জেলায় সংঘাতের সম্মুখসারিতে লাগাতার গোলাবর্ষণের ঘটনা ঘটে।
এর ফলে বাস্তুচ্যুতদের বেশ কয়েকটি আশ্রয়স্থল পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে এবং অধিকাংশ বাসিন্দা ওই দুই জেলার অন্য এলাকায় বা পার্শ্ববর্তী অঞ্চলে পালিয়ে গেছে। ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, সংঘাতের সম্মুখসারির এলাকায় এখনো কিছু পরিবার আটকা পড়ে আছে এবং তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার আশু ব্যবস্থা প্রয়োজন।
খাবার ও আশ্রয়ের প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট নিয়ে বাস্তুচ্যুত পরিবারগুলো নতুন এলাকায় গিয়ে পৌঁছাচ্ছে। তবে ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে বলেছে যে, বর্তমান পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম পরিচালনায় গুরুতর বাধার মুখে পড়তে হচ্ছে তাদের।
এলাকায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক এখনো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং একই সঙ্গে জরুরি ত্রাণের মজুতও বিপজ্জনকভাবে কমে গেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে সাহায্যকারী সংস্থাগুলোর সক্ষমতা অত্যন্ত সীমিত হয়ে পড়েছে।