উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আজ শনিবার সকালে ১১–দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, তাদের ঘোষিত কর্মসূচির ওষুধ ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে এবং এর প্রতিক্রিয়া দৃশ্যমান হয়েছে। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণ কাউকে ছাড় দেবে না বলেও তিনি দ্ব্যর্থহীন ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংসদের পাশাপাশি রাজপথে এই আন্দোলন চলবে উল্লেখ করে শফিকুর রহমান জানান, ১৮ কোটি মানুষের প্রতিটি অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের এই ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, এবং দলীয়করণ বন্ধসহ ছয়টি দাবির সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতিবাজদের বরদাশত না করার সপ্তম দফা যুক্ত করেন তিনি। এছাড়া সিফাত নামের এক তরুণকে আটকের নিন্দা জানিয়ে তাকে দ্রুত মুক্তি দেওয়ার জোর দাবি জানান জামায়াত আমির।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতেই এই লংমার্চের যাত্রা শুরু হয়েছে এবং সরকার বাধা দিলে দাবি এক দফায় পরিণত হবে। এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের দাবি না মানলে সরকারের পরিণতিও অন্যদের মতো হতে পারে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য শীর্ষ নেতারাও সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন।
শাপলা চত্বরের উদ্বোধনী সমাবেশের পর লংমার্চটি নারায়ণগঞ্জের চিটাগাং রোড, কুমিল্লার পদুয়ার বাজার ও চৌদ্দগ্রাম, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা শেষে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে। এই লংমার্চের কারণে সাময়িক জনদুর্ভোগের জন্য জোটের পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের পর আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর, ৩১ অক্টোবর খুলনা এবং ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ করার কর্মসূচি রয়েছে ১১ দলের।