উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ্র মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে দীপ্ত টিভি। আজ থেকে আগামী ১১ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেলটিতে প্রচারিত হবে এই নায়কের জনপ্রিয় সাতটি চলচ্চিত্র।
আজ প্রথম দিনে প্রচার হচ্ছে শাহ আলম কিরণ পরিচালিত 'বিচার হবে' সিনেমাটি, যেখানে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ূন ফরীদি। এছাড়া আগামী ৬ই সেপ্টেম্বর এম এ খালেদের ‘স্বপ্নের ঠিকানা’, ৭ই সেপ্টেম্বর শিবলি সাদিকের ‘আনন্দ অশ্রু’ এবং ৮ই সেপ্টেম্বর মালেক আফসারীর ‘এই ঘর এই সংসার’ চলচ্চিত্রগুলো দেখানো হবে।
আয়োজনের শেষ তিন দিন অর্থাৎ ৯, ১০ ও ১১ই সেপ্টেম্বর যথাক্রমে প্রচারিত হবে জাকির হোসেন রাজুর ‘জীবন সংসার’, রেজা হাসমতের ‘প্রেম পিয়াসী’ এবং বাদল খন্দকারের পরিচালনায় ‘স্বপ্নের পৃথিবী’ সিনেমাগুলো। এসব চলচ্চিত্রে সালমান শাহ্র সঙ্গে শাবনূর, ববিতা, ফারুকসহ সে সময়ের নামী তারকারা অভিনয় করেছেন।