উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ ৫ই সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত হচ্ছে। যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালনের জন্য নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবারের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বীরক্ষ্রেঠের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান এবং কোরআনখানি। এছাড়া আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে সমাধিস্থল এবং স্মৃতি জাদুঘর মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হবে। দিবসটি উদযাপনের লক্ষ্যে গত বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বীরশ্রেষ্ঠের ছেলে এসএম গোলাম মোস্তফা কামাল। ১৯৩৬ সালে নড়াইলের মহিষখোলায় জন্মগ্রহণকারী নূর মোহাম্মদ ১৯৫৯ সালে ইপিআরে যোগদান করেন।
১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে তিনি জীবন উৎসর্গ করেন। সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি যশোর জেলার শার্শার কাশিপুরে শায়িত আছেন।