উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরমাণু অস্ত্র বিস্তার রোধসংক্রান্ত বাধ্যবাধকতা মেনে চলতে ইরান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে পশ্চিমা কয়েকটি দেশ। এই অভিযোগ তুলে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স ও জার্মানি।
কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালনা পর্ষদে প্রস্তাবটি বিবেচনার জন্য উপস্থাপন করা হতে পারে। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় ইরান তার সমস্ত পরমাণু উপাদান ও কার্যক্রম ঘোষণা করতে এবং ভিয়েনাভিত্তিক আইএইএর পরিদর্শকদের তা যাচাইয়ের সুযোগ দিতে আইনগতভাবে বাধ্য রয়েছে।
এর মাধ্যমে পরমাণু উপাদান ও কার্যক্রমের কোনো অংশ শান্তিপূর্ণ ব্যবহারের বাইরে অন্য কোনো উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রস্তাবটিতে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সংস্থাটির সদস্য দেশগুলোর পাশাপাশি নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে এই প্রস্তাব এবং সংশ্লিষ্ট আগের প্রস্তাবগুলো পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
আইএইএর সংবিধির সংশ্লিষ্ট ধারার আলোকে এই অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে। তবে কূটনীতিকরা জানিয়েছেন যে প্রস্তাবটি বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে এবং এখনো পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়নি, যার ফলে এর ভাষায় পরিবর্তন আসতে পারে।