উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলোচিত নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’র প্রথম টিজার প্রকাশ পেয়েছে। ছবির এই প্রথম ঝলকে নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি।
প্রকাশিত টিজারে তুষিকে কালোজাদুর সঙ্গে লড়াই করতে দেখা গেছে। অন্যদিকে অ্যাকশন দৃশ্যের পাশাপাশি এক অলৌকিক ও রহস্যময় নীল চোখের চরিত্রে ধরা দিয়েছেন সিয়াম আহমেদ।
ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে গাজী রাকায়েতকে একটি বনের ভেতরে দেখা গেছে এবং এক ঝলকে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। ধূসর আবহের এই টিজারটি দর্শকদের মাঝে রহস্য ও তীব্র কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
রাফীর আগের সিনেমাগুলোর মতোই ‘আন্ধার’র টিজারেও কোনো সংলাপ রাখা হয়নি। কেবল আবহসংগীত, চরিত্রগুলোর লুক এবং বিভিন্ন চমকপ্রদ দৃশ্যের মাধ্যমে এটি সাজানো হয়েছে।
সিনেমার গল্প সম্পর্কে সরাসরি কোনো ধারণা না দেওয়া হলেও আফসানা মিমি, মোস্তফা মনোয়ারসহ সব প্রধান চরিত্রের দেখা মিলেছে। ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী এবং অর্থহীনের সাইদুস সালেহীন সুমন সিনেমাটির গল্প লিখেছেন।
গল্পের সঙ্গে আদনান আদিব খানও যুক্ত রয়েছেন। দুই ব্যান্ডশিল্পী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনী ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে কাজ করছেন।