উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহাবিশ্বের অন্যতম রহস্যময় উপাদান ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু শনাক্তে বড় ধরনের অগ্রগতির কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটার একটি পরিত্যক্ত স্বর্ণ খনির গভীরে পরিচালিত 'লাক্স-জেপ্লিন' (এলজেড) পরীক্ষায় একটি রহস্যময় কণার মিথস্ক্রিয়া শনাক্ত হয়েছে। গবেষকদের মতে, এই কণাটির বৈশিষ্ট্য ডার্ক ম্যাটার কণার সঙ্গে অনেকটাই মিলে যায়।
৩৮টি প্রতিষ্ঠানের ২৫০ জন বিজ্ঞানী ও প্রকৌশলীর একটি আন্তর্জাতিক দল এই গবেষণায় যুক্ত ছিলেন। স্যানফোর্ড আন্ডারগ্রাউন্ড রিসার্চ ফ্যাসিলিটিতে (এসইউআরএফ) অতি-বিশুদ্ধ তরল জেনন ভর্তি একটি ট্যাংকের মাধ্যমে এই পরীক্ষা চালানো হয়। ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সংগৃহীত ২২০ দিনের তথ্য বিশ্লেষণ করে ১৬ জুন, ২০২৩ তারিখে এই বিশেষ ঘটনাটি ধরা পড়ে।
গবেষণার প্রধান এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট স্যাম এরিকসেন জাপানে অনুষ্ঠিত ২০২৬ টিইভি পার্টিকেল অ্যাস্ট্রোফিজিক্স কনফারেন্সে এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, তাদের ডিটেক্টর এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তারা এতটাই নিশ্চিত যে, এই একটিমাত্র ঘটনাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে এখনই একে ডার্ক ম্যাটারের চূড়ান্ত শনাক্তকরণ বলতে নারাজ গবেষকরা।
এলজেড-এর মুখপাত্র ও ব্রাউন ইউনিভার্সিটির পদার্থবিদ রিক গেটস্কেল বলেন, তারা এখনই ডার্ক ম্যাটার দেখার দাবি করছেন না। সিডনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ থেরেসা ফ্রুথ জানান, এই সংকেতটি বারবার পরীক্ষা করা হয়েছে এবং এটি টিকে আছে। বিজ্ঞানীরা একে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে শক্তিশালী সংকেত হিসেবে বিবেচনা করছেন।
ডার্ক ম্যাটার হলো এমন এক অদৃশ্য পদার্থ যা মহাবিশ্বের মোট ভরের প্রায় ২৭ শতাংশ। এটি আলো বা তড়িৎচৌম্বকীয় বিকিরণ প্রতিফলন করে না বলে সরাসরি দেখা যায় না। অন্যদিকে, ডার্ক এনার্জি মহাবিশ্বের ৬৮ শতাংশ গঠন করে এবং সাধারণ দৃশ্যমান পদার্থ মাত্র ৫ শতাংশ। ১৯৩০-এর দশকে সুইস জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটজ জুইকি প্রথম এই অদৃশ্য পদার্থের উপস্থিতির ধারণা দিয়েছিলেন।
এদিকে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি নিয়ে আরও বিস্তারিত গবেষণার জন্য নাসা ৪ বিলিয়ন ডলার ব্যয়ে 'ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ' প্রকল্পের ঘোষণা দিয়েছে। মহাবিশ্বের প্রসারণ এবং এই অদৃশ্য শক্তির রহস্য উন্মোচনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।