উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সীমা লঙ্ঘন না করার জন্য সতর্ক করে তিনি বলেছেন, কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে দেশের আইন অনুযায়ী তা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
দেশে সমস্যা রয়েছে—এ কথা সরকার কখনো অস্বীকার করেনি উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। তবে বিদ্যমান সমস্যাকে কেন্দ্র করে কেউ যেন বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ না পায়, সেদিকেও নজর রাখা হচ্ছে। তিনি বলেন, ‘সমস্যা নেই আমরা কখনোই বলছি না। সমস্যা আছে। কিন্তু এসব সমস্যা পুঁজি করে খেয়াল করছি যে, কিছু রাজনৈতিক দল, কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন এবং বিভ্রান্তি তৈরির মাধ্যমে দেশে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন।’
সরকারের ওপর জনগণের দেওয়া দায়িত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালনের পাশাপাশি গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখা হবে। তিনি বলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার। অবশ্যই আমরা গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখব। গণতান্ত্রিক যে নীতি-নৈতিকতা আছে, চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আপহোল্ড করার জন্য।’
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার গণতান্ত্রিক নীতি ও মূল্যবোধ বজায় রেখে দেশের চলমান সমস্যাগুলো সমাধানের চেষ্টা চালিয়ে যাবে।