উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘মায়ের মূর্ত প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, ‘আমাদের সেই মা, যিনি গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করে আমাদের ছেড়ে চলে গেছেন। মায়ের মূর্ত প্রতীকই হচ্ছে বেগম খালেদা জিয়া।’শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী আইএইচটির সম্মেলন কক্ষে শাখা ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘আজকে আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান—তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি। জনগণ তাঁর হাতে দেশের দায়িত্বভার তুলে দিয়েছেন। তিনি এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।’
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মিজানুর রহমান মিনু বলেন, নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যেও প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের লক্ষ্য আগে নির্ধারণ করতে হবে। এরপর সেই লক্ষ্যে পৌঁছাতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত হাল ছেড়ে দেওয়া যাবে না। তিনি বলেন, ‘তোমরা সবাই স্বাস্থ্য বিশেষজ্ঞ হবে। জনগণের যে প্রত্যাশা—একটি সুন্দর চিকিৎসাব্যবস্থা, সেটি তোমাদের হাত দিয়েই গড়ে উঠবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।’
ভূমিমন্ত্রী আরও বলেন, রাজশাহী আইএইচটি থেকে পড়াশোনা শেষ করে অনেকে দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এশিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থানে দক্ষতা ও মেধার পরিচয় দিচ্ছেন। স্বাস্থ্য খাতে সরকারের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, বাজেটে শিক্ষার পর স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে জনগণ নতুন প্রজন্মের স্বাস্থ্যকর্মীদের দিকে তাকিয়ে আছে।
মিজানুর রহমান মিনু বলেন, ‘আমরা সেই জাতি, আমরা আমাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছি। আমরা সেই জাতি—আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়েও স্বাধীনতাযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন।’ দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ সংকট অনেকটাই সাময়িক। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
সব প্রতিকূলতা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘আমরা সবাই মিলে সুন্দর সোনার বাংলা গড়ব।’ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। রাজশাহী আইএইচটি ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন।
এ ছাড়া রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. মো. মির্জা ওয়াসি পারভেজ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিনসহ সংগঠন ও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।