উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চে ছাদখোলা গাড়িতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চটি শুরু হয়। লংমার্চের শুরুতে কালো রঙের একটি টয়োটা প্রাডো গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় নাসীরুদ্দীনকে। এ সময় তাঁর হাতে ছিল জাতীয় পতাকা।
এনসিপির এই নেতাকে বিলাসবহুল গাড়িতে দেখে গাড়িটির মালিকানা নিয়ে প্রশ্ন ওঠে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, লংমার্চে অংশ নেওয়ার জন্য তাঁর নিজস্ব গাড়ি না থাকায় একজন শুভাকাঙ্ক্ষী গাড়ি নিয়ে আসার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘লংমার্চে কীভাবে যাব? এ নিয়ে গতকাল রাতে অনেকেই ফোন করে বলেছেন, আপনার তো গাড়ি নেই, কীভাবে যাবেন? তখন এক শুভাকাঙ্ক্ষী জানিয়েছেন, তিনি আমার জন্য গাড়ি নিয়ে আসছেন। আমি তাকে বলেছি, গাড়ি নিয়ে চলে আসেন।’
তবে গাড়িটি কে দিয়েছেন, তা প্রকাশ করতে চাননি নাসীরুদ্দীন। এ বিষয়ে তিনি বলেন, ‘কে দিয়েছেন, সেটা বলা যাবে না। তাহলে তার গাড়ি ভেঙে দিতে পারে।’ নিজের গাড়ি কেনার ইচ্ছার কথাও জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন, যাতে ভালো একটা গাড়ি কিনতে পারি।’