উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর দক্ষিণখান এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এই বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্যাংয়ের সাত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি দক্ষিণখানে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের আধিপত্য বিস্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিষয়টি পুলিশের নজরে এলে উত্তরা বিভাগের নির্দেশনায় দক্ষিণখান থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচ জন চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্যকে ধরা হয়েছে।
এ ছাড়াও পৃথক অভিযানে ১৬৩ পিস ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের আরও দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাতজনের মধ্যে রয়েছেন মো. হাসান (২১), মো. সায়েম (১৯), মোকলেছুর রহমান (২৫), মো. রাহিম সিকদার (২২), গোলাম রহমান (৩০), মেহেরাজ হাসান অন্তর (২০) এবং শাকিল আহম্মেদ হৃদয় (২৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে কিশোর গ্যাং, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।