উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সাবেক যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। তাঁর আপন ছোট ভাই শাহজাহান মজুমদারের দাবি, বড় ভাইয়ের দায়ের করা একের পর এক মামলায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন।
গত ৫ সেপ্টেম্বর বিকেলে বড় ধর্মপুর কলেজপাড়ায় শাহজাহান মজুমদারের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। অভিযুক্ত শাহ ইমরান মজুমদার মৃত আবদুস ছোবহানের ছেলে এবং তিনি সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শাহজাহান মজুমদারের অভিযোগ, বড় ভাই শাহ ইমরান তাঁর ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় নয়টি মামলা করেছেন এবং জিডি করে চাপের মধ্যে রেখেছেন। যৌথ সম্পত্তির হিসাব-নিকাশ এবং জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করেই মূলত এসব ঘটনার সূত্রপাত হয়েছে বলে তিনি দাবি করেন।
শাহজাহানের স্ত্রী রোকেয়া মজুমদারের অভিযোগ, ২০১৪ সালে ব্যাংক ঋণের গ্যারান্টার হওয়ার কথা বলে তাঁর কাছ থেকে একটি সাদা চেক নেওয়া হয়েছিল। পরবর্তীতে ওই চেকে ৪০ লাখ টাকা বসিয়ে ২০২৪ সালে মামলা করা হয় এবং এর প্রেক্ষিতে আদালত রায় দিয়েছেন বলে তিনি জানান।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য শাহ ইমরান মজুমদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিং আছে বলে ফোন কেটে দেন। সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে পারিবারিক এই বিরোধ দ্রুত সমাধানের দাবি জানান।