উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভবিষ্যতে পৃথিবীর সংঘাত চাঁদের পৃষ্ঠ ও তার আশপাশের মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন চীনা গবেষকেরা। পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী সিসলুনার স্পেস অঞ্চলটি আগামী দিনের মহাকাশ প্রতিযোগিতায় সম্ভাব্য সংঘাতের নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে। চীনের শিয়ানে অবস্থিত নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির গবেষকেরা সিসলুনার স্পেসের একটি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছেন।
গবেষকদের মতে, চাঁদের জটিল মহাকর্ষীয় পরিবেশকে কাজে লাগিয়ে মহাকাশযান নিজেদের অবস্থান আড়াল করতে এবং গুরুত্বপূর্ণ চোক পয়েন্টের কাছে অবস্থান নিতে পারে। এর মাধ্যমে প্রতিপক্ষের মহাকাশযানকে বাধা দেয়া কিংবা গুরুত্বপূর্ণ মহাকাশপথের নিয়ন্ত্রণ নেয়ার সুযোগ তৈরি হতে পারে। ভবিষ্যতের মহাকাশ সংঘাত সবসময় সরাসরি সামরিক হামলার মাধ্যমে নাও হতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
নন-কাইনেটিক ডিটারেন্স বা সরাসরি আঘাত ছাড়া প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গবেষণার প্রধান লেখক এবং নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির স্কুল অব অ্যাস্ট্রোনটিক্সের সহযোগী অধ্যাপক দাং ঝাওহুই এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরাসরি শক্তি প্রয়োগ না করেও কোনো দেশ প্রতিপক্ষকে গতিপথ পরিবর্তনে বাধ্য করতে পারে।
এই প্রতিযোগিতায় মহাকাশে প্রবেশ, এর নিয়ন্ত্রণ ও ব্যবহার এবং প্রতিপক্ষকে নিবৃত্ত করার সক্ষমতাই মূল বিষয় বলে মনে করছেন গবেষকেরা। গবেষণায় ধাওয়া ও এড়িয়ে যাওয়া, আক্রমণ ও প্রতিরক্ষা, অবরোধ ও পাল্টা অবরোধ এবং প্রতারণা ও শনাক্তকরণসহ সম্ভাব্য ছয় ধরনের সংঘাতের কথা বলা হয়েছে। বিশাল এই সিসলুনার স্পেসে মহাকাশযানের গতিবিধি পর্যবেক্ষণ করা অত্যন্ত কঠিন বলে তারা সতর্ক করেছেন।