উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনভোগান্তি দূর করা ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য আজ শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করেছে। সকালে রাজধানীর মতিঝিল থেকে শুরু হওয়া এই দীর্ঘযাত্রায় অংশ নেওয়া বহরটি মুন্সীগঞ্জ ও কুমিল্লার সংযোগকারী মেঘনা এবং মেঘনা-গোমতী সেতু অতিক্রম করার পর টোল আদায়ের তথ্যে গাড়ির একটি আনুমানিক হিসাব পাওয়া গেছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) টোল আদায়সংক্রান্ত তথ্য অনুযায়ী, লংমার্চের ছয় শতাধিক গাড়ি টোল পরিশোধ করে মেঘনা ও মেঘনা-গোমতী সেতু পার হয়েছে। এর মধ্যে সাড়ে পাঁচ শতাধিক ছিল বড় মাইক্রোবাস এবং বাকিগুলোর মধ্যে কার, জিপ ও কয়েকটি বাস ছিল। মাইক্রো ও কারের টোল ৭০ টাকা এবং বাসের কিছুটা বেশি হওয়ায় সব মিলিয়ে টোল বাবদ সরকারের আয় হয়েছে ৪০ হাজার টাকার বেশি।
এর আগে আয়োজকদের পক্ষ থেকে পাঁচ-ছয় হাজার গাড়ির কথা বলা হলেও জ্বালানিসংকটের কারণে তা কমিয়ে এক হাজারে নামিয়ে আনার সিদ্ধান্ত জানানো হয়েছিল। তবে জোটের পক্ষ থেকে বলা হয়েছে, সেতু পার হওয়া গাড়ির বাইরেও কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে বহু গাড়ি পথিমধ্যে যুক্ত হয়ে চট্টগ্রামের দিকে এগিয়ে গেছে।
সকাল আটটার পর মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হওয়া এই যাত্রাপথে নারায়ণগঞ্জের চিটাগাং রোড, কুমিল্লার পদুয়ার বাজার ও চৌদ্দগ্রাম, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হয়। রাত আটটা পর্যন্ত বহরটি চট্টগ্রাম শহরে প্রবেশ না করলেও লালদীঘির ময়দানে সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
লংমার্চে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও এবি পার্টির মজিবুর রহমান মঞ্জুসহ শীর্ষ নেতারা নেতৃত্ব দেন। জুলাই গণহত্যার বিচার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ছয় দফা দাবি তুলে ধরে পথসভায় জামায়াত আমির উল্লেখ করেন, দেশের মানুষ বর্তমান সরকারের কাছ থেকে মুক্তি চায়।