উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান বাড়াতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষি, ডেইরি ও পোলট্রি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব তফসিলি ব্যাংকের মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, কৃষি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাদ্যনিরাপত্তা সুসংহত করা এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ ঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংসদে দেওয়া তথ্যমতে, ২০২৬-২৭ অর্থবছরে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের মাধ্যমে মোট ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ঋণের আওতায় পোলট্রি ও ডেইরি ফার্ম প্রতিষ্ঠার পাশাপাশি গুদামজাত ও হিমাগারে সংরক্ষিত কৃষিপণ্যের বিপরীতেও নিয়ম অনুযায়ী ঋণ সুবিধা দেওয়া হবে।
দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে হিমাগারসহ কৃষি অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত ৬ জুলাই জারি করা এসিডি-১ সার্কুলার নম্বর-২-এর মাধ্যমে ৩ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিলের আওতায় আধুনিক ও পরিবেশবান্ধব হিমাগার নির্মাণের পাশাপাশি শস্য ও ফসল উৎপাদন, মৎস্য ও প্রাণিসম্পদ খাত, কৃষি ও সেচযন্ত্রপাতি এবং আয় উৎসারী বিভিন্ন কর্মকাণ্ডে ঋণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কৃষিপণ্যের উৎপাদন থেকে সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত পুরো মূল্য শৃঙ্খলকে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য আরও একটি উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৮ জুন জারি করা এসিডি সার্কুলার নম্বর-০১-এর মাধ্যমে গঠিত ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্যাংকিং খাতের মাধ্যমে পল্লী ঋণ বিতরণ অব্যাহত রয়েছে। সরকারের আশা, এসব পুনঃঅর্থায়ন তহবিলের কার্যকর ব্যবহার কৃষি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে। একই সঙ্গে খাদ্য উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের খাদ্যনিরাপত্তা সুসংহত করতেও এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।