উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সম্পত্তি দান করার পর দাতা জীবিত থাকা পর্যন্ত তা ভোগ করতে পারবেন—এমন বিধান রেখে সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হয়েছে। রোববার ১৮৮২ সালের দ্য ট্রান্সফার অব প্রোপার্টি অ্যামেন্ডমেন্ট বিল সংসদে পাস হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করেন। প্রস্তাবিত আইনটি কোরআন-সুন্নাহবিরোধী বলে অভিযোগ এনে বিল পাসের বিরোধিতা করে বিরোধী দল। তবে তাদের আপত্তি নাকচ করে বিলটি পাস করা হয়।
বিলে বলা হয়েছে, পিতা-মাতা বা পিতামহ-মাতামহ কর্তৃক সন্তান বা নাতি-নাতনিকে কিংবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দান করার পর দাতা নিজে জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। দাতার জীবদ্দশায় গ্রহীতার মৃত্যু হলে সম্পত্তির ভোগাধিকার থাকবে এবং আইন অনুযায়ী সম্পত্তি গ্রহীতার ওয়ারিশদের কাছে স্থানান্তরিত হবে। আইনমন্ত্রী জানান, এই বিধান সব ধর্মাবলম্বীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে এবং প্রচলিত সাধারণ দান বা মুসলিম আইনের হেবার ওপর এর কোনো প্রভাব পড়বে না।
বিলের আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, আইনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন না থাকলেও এর সঙ্গে শরিয়তের স্পষ্ট দ্বন্দ্ব রয়েছে। তিনি প্রশ্ন রাখেন, আমরা কি কোরআনের মূলনীতি রাখব, নাকি বাদ দেব? জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান আইনটিকে কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে বলেন, সামাজিক সমস্যার সমাধান করতে গিয়ে ইসলামি বিধানকে পাস কাটানোর সুযোগ নেই।
বিরোধী দলের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, এই আইন হেবা বা অন্যভাবে সম্পত্তি হস্তান্তরের ওপর প্রভাব ফেলবে না এবং মুসলিম আইনকে স্পর্শ করা হয়নি। তিনি বলেন, এখানে যে সম্পত্তি হস্তান্তরের কথা বলা হয়েছে, তা হেবা নয় এবং সামাজিক বাস্তবতার কথা চিন্তা করেই এই বিল আনা হয়েছে। বিতর্কের একপর্যায়ে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে বের হয়ে গেলেও অল্পক্ষণ পরে ফিরে এসে আবার বিতর্কে অংশ নেন। পরে কণ্ঠভোটে বিরোধী দলের প্রস্তাবগুলো নাকচ হয় এবং বিলটি পাস হয়।