উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সামাজিক সংগঠন মুন এলার্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তত দুই ডজন নিখোঁজ শিশুর স্বজনরা পুলিশের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) নিতে অনীহা ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন। নিখোঁজ শিশুদের খুঁজে পেতে তারা চরম দুর্ভোগের কথা জানান এবং বুকের মানিককে ফিরে পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ৩৫ ভুক্তভোগী পরিবারের মধ্যে অনেকে কান্নায় ভেঙে পড়েন ও আহাজারি করেন।
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নজরুল ইসলাম জানান, গত বছরের ২০ মে তার শিশু সন্তান তামিম স্কুল থেকে নিখোঁজ হওয়ার পর থেকে এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজেও তার সন্ধান পাননি। সন্তানকে খুঁজতে গিয়ে কবিরাজ, হুজুরসহ বিভিন্ন উপায়ে তার পঁচিশ লক্ষাধিক টাকা শেষ হয়ে গেছে। তিনি তার একমাত্র সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য দেশবাসীর কাছে আকুল আবেদন জানান।
ঢাকার মিরপুর-১১ থেকে গত ১৩ মে নিখোঁজ ফুচকা বিক্রেতা মোহাম্মদ জসিমের ছেলে ইব্রাহিমের ঘটনা তুলে ধরে তিনি বলেন, পল্লবী থানা প্রথমে জিডি নিতে গড়িমসি করে ১৭ দিন ঘুরিয়েছে এবং পরে মামলা নিয়ে ডিবিতে হস্তান্তর করে। এছাড়া বনানীতে চার বছরের শিশু সাইবা নিখোঁজের পর বনানী থানা পুলিশ দুদিন ধরে জিডি না নিয়ে মা বিথী আক্তারকে ফিরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়।
মুন অ্যালার্টের প্রধান সমন্বয়কারী সাদাত রহমান জানান, কার্যক্রম চালুর পর থেকে তাদের কাছে শিশু নিখোঁজের ১ হাজার ২২৬টি অভিযোগ এসেছে, যার মধ্যে আট শতাধিক শিশুকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। তিনি উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও শিশু নিখোঁজের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিডি শূন্যের কোঠায় নামিয়ে আনতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।
অভিযোগের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ওসমান গণি জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পুলিশের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, শিশু নিখোঁজের বিষয়টি সংবেদনশীলভাবে দেখার নির্দেশনা রয়েছে এবং কোনো থানা জিডি নিতে অনীহা বা অসহযোগিতা করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।