উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভিয়েতনামে আয়োজিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ১১১টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতে নিয়েছেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক ২০২৫ বিজয়ী হয়ে তিনি এই মূল মঞ্চে আসার সুযোগ পান। প্রতিযোগিতায় স্পেনের এলিসাবেথ রেইনেস প্রথম রানার আপ এবং মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন।
নতুন বিশ্বসুন্দরী জোহেইরি মোলা একাধারে শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও মডেল হিসেবে কাজ করছেন। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি ভাষা ও প্রয়োজনীয় দক্ষতা শেখানোর লক্ষ্য নিয়ে তিনি ‘ভয়েস অব টুমোরো’ নামের একটি উদ্যোগ পরিচালনা করছেন। চূড়ান্ত পর্বে সেরা ছয় প্রতিযোগীর বিভিন্ন ধাপ ও বিচারকদের প্রশ্নোত্তর পর্ব শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতাটি ১৯৫১ সালে যুক্তরাজ্যে এরিক মর্লের হাত ধরে শুরু হয়েছিল। কয়েকটি ধাপের প্রাথমিক চ্যালেঞ্জ, রুদ্ধদ্বার সাক্ষাৎকার এবং মঞ্চে সরাসরি নানা পর্বের মাধ্যমে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়। পুরো আসরে অংশগ্রহণকারীদের আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া—এই চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়েছিল।
এবারের আসরে পাকিস্তান, মালদ্বীপ, ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া ও মোজাম্বিকের প্রতিযোগীরা প্রথমবারের মতো অংশ নেন। অন্যদিকে ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান ও টোগোর নাদিরাতু আফোলাবি প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন। বাংলাদেশের প্রতিনিধি সামানজার সাঈদ বিউটি উইথ আ পারপাস বিভাগে আঞ্চলিকভাবে সেরা ছয়ে থাকলেও শেষ পর্যন্ত সেরা চল্লিশে স্থান পাননি।