উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি’র বর্ষীয়ান নেতা এম. সাইফুর রহমানের ১৭তম শাহাদতবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছে সিলেট জেলা বিএনপি। শনিবার দুপুরে সিলেট জেলা বিএনপি’র সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এ সময় এম. সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান এমপি, সিলেট জেলা বিএনপি ও মৌলভীবাজারের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, তিনি শুধু একজন জাতীয় নেতা ছিলেন না, বরং অসংখ্য নেতাকর্মীর অভিভাবক ছিলেন।
শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সিলেট জেলা বিএনপি’র উদ্যোগে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে এম. সাইফুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন জেলা বিএনপি’র সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।
উক্ত দোয়া মাহফিলে জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজিম উদ্দীন লস্কর, কামরুল হাসান শাহিন, আহমেদুর রহমান চৌধুরী মিলুসহ জেলা ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।