উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত স্বামী ডেভিড টেলরের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে বৃটিশ লেবার পার্টির এমপি জোয়ানি রিডের। স্কটিশ মেইল অন সানডে জানিয়েছে যে ইস্ট কিলব্রাইড ও স্ট্র্যাথাভেনের এমপি জোয়ানি রিড তার লবিস্ট স্বামী ডেভিড টেলরের সঙ্গে আলাদা হয়ে গেছেন এবং মার্চে গুপ্তচরবৃত্তির সন্দেহে টেলরকে গ্রেপ্তার করা হয়েছিল।
বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি ও ভিডিওতে তাকে বিয়ের আংটি ছাড়া দেখা যাওয়ার পর এই সম্পর্কের ভাঙনের খবর সামনে আসে। এছাড়া তিনি এক বিবাহিত পুরুষের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন বলেও খবর প্রকাশিত হয়েছে এবং তাকে ওই ব্যক্তির সঙ্গে নিজের নির্বাচনী এলাকার একটি ফ্ল্যাটে যেতে দেখা গেছে।
ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, টেলর ও রিডের এই বিচ্ছেদের সঙ্গে মেট্রোপলিটন পুলিশের গুপ্তচরবৃত্তি তদন্ত কিংবা ফ্যাসলেন ঘাঁটির কোনো ঘটনার সম্পর্ক নেই। তাদের সম্পর্কের অবনতি অনেক দিন ধরেই চলছিল এবং সন্তান থাকায় তারা একে অপরের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকলেও এখন বিবাহবিচ্ছেদের দিকে এগোচ্ছেন।
স্বামী গ্রেপ্তার হওয়ার পর মার্চে লেবার পার্টি থেকে নিজেকে সাময়িকভাবে প্রত্যাহার করে নিলেও ৩০ জুন ৪০ বছর বয়সী এই এমপিকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়। লেবার পার্টিতে ফিরে আসার পরই তিনি নীরবে বিয়ের আংটি খুলে ফেলেন এবং তার ঘনিষ্ঠ বন্ধুদের দাবি এই নতুন সম্পর্কটি দীর্ঘদিনের নয় ও টেলরের সঙ্গেই বিচ্ছেদের পর এর শুরু।