উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার সাভারে ছাত্রদলের এক নেতাকে পাঁচতলার ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় জড়িত এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানিয়েছে, আজ শনিবার রাত ১০টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের বাজার সৈয়দপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া মো. মিন্টু (৪৪) পীরগাছা উপজেলার সুল্লিপাড়া গ্রামের মো. ফুল মিয়ার ছেলে এবং এই হত্যা মামলার ২ নম্বর আসামি।
নিহত মনোয়ারুল ইসলাম বকশী (৩০) সাভার থানা ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ হাতিবান্ধা গ্রামের জাফর বকশীর ছেলে ছিলেন এবং বাবার চাকরির সুবাদে সাভারের বিপিএটিসি কোয়ার্টারে বসবাস করতেন। মামলার গুরুত্ব বিবেচনা করে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে এই অভিযান পরিচালনা করে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মিন্টুকে আটকের পর পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত কিছুদিন আগে সাভারে এই ছাত্রদল নেতাকে পরিকল্পিতভাবে পাঁচতলার ছাদ থেকে ফেলে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।