উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের আরও ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। তবে গঠিত এই নতুন কমিটিগুলোর কোনোটিরই সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি। জাতীয় সংসদের মোট ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি রয়েছে। আজ রোববার রাতে গঠিত এই ১০টিসহ এখন পর্যন্ত মোট ৩৬টি সংসদীয় কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে কেবল সরকারি হিসাব কমিটির সভাপতি পদটি বিরোধী দলকে দেওয়া হয়েছে। আজ চিফ হুইপ নূরুল ইসলাম মনি আলাদাভাবে ১০টি কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন এবং তা কণ্ঠভোটে পাস হয়। নতুন দায়িত্ব পাওয়া সভাপতিদের মধ্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে আবদুস সালাম পিন্টুকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আবুল খায়ের ভূঁইয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম সেলিম রেজা হাবিব। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শামছুর রহমান শিমুল বিশ্বাসকে এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন খায়রুল কবির খোকন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাহমুদা হাবীবা, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বরকতউল্লা বুলু এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা। একই দিনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এই কমিটিতে গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবর্তে বিএনপির আরেক সংসদ সদস্য শাহাদাত হোসেনকে নতুন সভাপতি করা হয়েছে।