উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে প্রসূতি মায়ের জন্য নির্ধারিত একটি ইনজেকশন ভুলবশত নবজাতক শিশুকে পুশ করার গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঘটা এই ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত এনআইসিইউতে স্থানান্তর করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মা ইনজেকশনটি নিজের জন্য নির্ধারিত বলে সতর্ক করলেও নার্স তা উপেক্ষা করে শিশুকে পুশ করেন। শিশুটির বাবা মো. হাসান অভিযোগ করেন, ওই সময় নার্স তার স্ত্রীকে ধমকও দেন এবং দুই মাস আগে চাকরিতে যোগ দেওয়া ওই কর্মীর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন।
ঘটনার খবর পেয়ে ৯৯৯ এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ভুল করে নবজাতককে ইনজেকশন দেওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে।
সিএসসিআর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরশেদুল করিম চৌধুরী জানান, দুই কনসালটেন্টকে দিয়ে পরীক্ষা করানোর পর শিশুটি স্বাভাবিক কান্না ও মায়ের দুধ পান করেছে। তবে কোনো ঝুঁকি না নিয়ে চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।