উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেত্রকোনা জেলা শহরের জয়নগর এলাকায় সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের ভেতর থেকে বেশ কিছু গাছ কেটে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। গতকাল শনিবার রাত ১১টার দিকে রেইনট্রি ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছবোঝাই একটি হ্যান্ডট্রলিসহ এক চালককে আটক করে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত ১০টার দিকে বন কার্যালয়ের ভেতরে লোকজনকে গাছ কাটতে দেখে সন্দেহ হয়। তারা সন্তোষজনক জবাব দিতে না পারলে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ গিয়ে হ্যান্ডট্রলিসহ রুবেল মিয়াকে আটক করে।
আটক রুবেল মিয়া জেলার বারহাট্টা উপজেলার দেউলি গ্রামের বাসিন্দা এবং বন বিভাগের স্পিডবোটচালক ইন্দ্রজিতের নির্দেশে গাছগুলো সরাচ্ছিলেন। বন বিভাগের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় আজ রোববার সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম জানান, গাছগুলো কেটে অফিসে রাখার কথা বলা হয়েছিল এবং নিলামে বিক্রির কথা ছিল। তবে অফিসের বাইরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি এবং ঘটনাটি খতিয়ে দেখতে সহকারী বন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।