উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ রোববার বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে তাঁরা এই কর্মসূচি পালন করেন এবং মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে যান।
সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজকের বৈঠকটিকে জাতীয় সংসদের ইতিহাসের অন্যতম কালো দিন বলে অভিহিত করেন। তাঁর অভিযোগ, গুরুত্বপূর্ণ দুটি বিল উত্থাপনের সময় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য রাখতে চাইলেও তাঁকে যথাযথ সুযোগ দেওয়া হয়নি এবং স্পিকার পক্ষপাতমূলক আচরণ করেছেন।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন যে, ওয়াকআউটের সময় মশকরা করা হয়েছে যা স্পিকারের কাছে মোটেও প্রত্যাশিত নয়। বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী আমলের মতো সরকার আবারও মানবাধিকার হরণ ও গুমের পথ খোলা রাখতে চায় বলে দাবি করেন তিনি।
শক্তিশালী ও কার্যকর আইনের প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার তুলনামূলক দুর্বল বিল আনছে বলে অভিযোগ করে বিরোধী দল। এই কারণেই তারা জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসের প্রক্রিয়ায় অংশ না নিয়ে ওয়াকআউট করে।