উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে প্রস্তাবগুলো কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি এসব কমিটির প্রস্তাব সংসদে উত্থাপন করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন মনোনীত হয়েছেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া। নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কেএম মির্জা হাবিব। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ বরকতুল্লাহ বুলু এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-১৩-এর সংসদ সদস্য মাহমুদা হাবিবা। প্রতিটি কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী পদাধিকারবলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।