উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ২৫ থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা। এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশি চলচ্চিত্রকার ওয়াসিউদ্দিন আহমেদের প্রামাণ্যচিত্র ‘তৃতীয় পক্ষ’ আন্তর্জাতিক বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। উৎসব কর্তৃপক্ষ একাধিক ই-মেইল বার্তার মাধ্যমে সিনেমাটি নির্বাচনের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি নির্মাতা ওয়াসিউদ্দিন আহমেদকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
ওয়াসিউদ্দিন আহমেদ পরিচালিত ‘তৃতীয় পক্ষ’ প্রামাণ্যচিত্রটিতে বাংলাদেশের বেদে সম্প্রদায়ের একটি বড় অংশের বৈচিত্র্যময় জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে। এতে তাদের দৈনন্দিন জীবন, জীবিকা, পরিবার এবং সামগ্রিক সমাজব্যবস্থার বাস্তব চিত্র উঠে এসেছে। প্রামাণ্যচিত্রটির চিত্রগ্রহণ করেছেন দেবদাস সাহা দেবু এবং সম্পাদনা করেছেন সানু মানিক। এছাড়া আবহসংগীতে সৈয়দ সাবাব আলী আরজু, শব্দ পরিকল্পনায় সাইফুল ফারদিন ও সহকারী পরিচালনায় যুক্ত ছিলেন আদনান আহমেদ। চিত্রনাট্য রচনার পাশাপাশি ছবিটির পরিচালনা ও প্রযোজনা করেছেন স্বয়ং নির্মাতা ওয়াসিউদ্দিন আহমেদ।
নিজের কাজটি আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক ওয়াসিউদ্দিন আহমেদ বলেন, এটা খুবই আনন্দের একটি সংবাদ যে, বাংলাদেশে আমার নির্মিত ‘তৃতীয় পক্ষ’ প্রামাণ্যচিত্রটি কেরালার এই উৎসবে আন্তর্জাতিকভাবে নির্বাচিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি বিশ্বাস করি, বেদে সম্প্রদায়ের জীবনযাপন সম্পর্কে একটি পূর্ণ ধারণা এ প্রামাণ্যচিত্রটির মাধ্যমে দর্শক পাবেন।