উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে রবিবারে ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন শীর্ষ র্যাংকধারী আরিনা সাবালেঙ্কা। শুরুতেই সার্ভ ধরে রাখতে কিছুটা সংগ্রাম করতে হলেও আমেরিকান প্রতিপক্ষ টেলর টাউনসেন্ডকে সোজা সেটে পরাজিত করেছেন তিনি। দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাবালেঙ্কার প্রথম চার সার্ভিস গেমের মধ্যে তিনবারই ব্রেক করেছিলেন টাউনসেন্ড।
তবে দ্রুতই নিজের ছন্দে ফিরে আত্মবিশ্বাস ফিরে পান সাবালেঙ্কা এবং ম্যাচটি ৬-৪, ৬-৩ গেমে জিতে নেন। ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, আমি মূলত নিজের ওপর মনোযোগ ধরে রাখার চেষ্টা করছিলাম এবং শুধু পয়েন্ট ধরে নয়, বল ধরে খেলার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, আমি আনন্দিত যে দ্বিতীয় সেটে আমি পরিস্থিতি নিজের অনুকূলে ঘুরিয়ে নিতে পেরেছি।
সাবালেঙ্কা ও টাউনসেন্ডের এটিই ছিল প্রথম মুখোমুখি লড়াই, যেখানে প্রথম সেটে প্রতিপক্ষকে বেশ চাপে রাখলেও নিজের ছন্দ বজায় রাখতে লড়াই করতে হয়েছে টাউনসেন্ডকে। সেমিফাইনালের টিকিট পেতে উইম্বলডন চ্যাম্পিয়ন লিন্ডা নসকোভা অথবা মার্টা কোস্ত্যুকের মুখোমুখি হবেন সাবালেঙ্কা।
কঠিন এই প্রতিপক্ষকে টপকে যেতে পেরে খুশি জানিয়ে সাবালেঙ্কা বলেন, কী অসাধারণ একজন খেলোয়াড় তিনি, যেভাবে তিনি নেটের দিকে এগিয়ে যান। কী দারুণ একজন রিটার্নার: ভালোভাবে নড়াচড়া করেন, বেশ সাহসী। আপনি দেখতেই পাচ্ছেন তিনি কতটা মনোযোগী ছিলেন, তার বিপক্ষে খেলাটা সত্যিই চ্যালেঞ্জিং ছিল।