উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বসনিয়া ও হার্জেগোভিনার সার্ব প্রজাতন্ত্র বা রিপাবলিক অব স্প্রেস্কার প্রশাসনিক কেন্দ্র বানিয়লুকায় গত সপ্তাহে ইসরায়েলি চেম্বার অব কমার্সের একটি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। দুই পক্ষের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এই কার্যালয়টি চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বসনিয়া ও হার্জেগোভিনায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গালিত পেলেগ জানান, বানিয়লুকায় অবস্থিত এই কার্যালয়ের মূল উদ্দেশ্য হলো ব্যবসাগুলোকে সংযুক্ত করা এবং বিনিয়োগ সহযোগিতা প্রসারিত করা। গাজায় যুদ্ধের সময় সারাজেভোতে বিক্ষোভ ও হুমকির পরিবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট মিলোরাদ দাদিকের কার্যালয় তাদের বানিয়লুকায় একটি সুন্দর ভবন বরাদ্দ দিয়েছে।
এই কার্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইসরায়েলি ব্যবসায়ী ও শিল্পপতি আমির গ্রস কাবিরি, যিনি সাম্প্রতিক বছরগুলোতে বসনিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে অন্যতম পরিচিত মুখ। চুক্তির পর রিপাবলিক অব স্প্রেস্কার আন্তর্জাতিক সহযোগিতা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক আনা ত্রিসিচ বাবিচ বলেন, এই সত্ত্বা এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক দাভোর গিয়েনেরো মনে করেন, এই কার্যালয় খোলার মাধ্যমে রিপাবলিক অব স্প্রেস্কা কর্তৃপক্ষ তাদের ক্রমবর্ধমান ঋণসহ আর্থিক সংকট কাটিয়ে ওঠার সুযোগ পাবে। তিনি আরও বলেন, সারাজেভোর সঙ্গে সমন্বয়হীনভাবে রিপাবলিক অব স্প্রেস্কার যেকোনো কার্যক্রম ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের প্রক্রিয়ায় গুরুতর সমস্যা তৈরি করতে পারে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রিপাবলিক অব স্প্রেস্কায় ইসরায়েল জোরালো সমর্থন পেয়ে আসছে। উদ্বোধনী অনুষ্ঠানে মিলোরাদ দাদিক সার্ব ও ইহুদি জনগণের মধ্যকার ঐতিহাসিক রাজনৈতিক সম্পর্ক এবং তাদের অভিন্ন কষ্টের কথা তুলে ধরে বলেন, প্রতিকূল পরিবেশেও তারা নিজেদের স্বাধীনতা ও পরিচয় রক্ষা করতে পেরেছেন।