উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর সবুজবাগের আদর্শপাড়া বরইতলা এলাকায় প্রেমের সম্পর্কের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাইফ উদ্দিন সিফাত (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি মারা যান। নিহত সিফাতের বাড়ি রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় এবং তার বাবার নাম জয়নাল আবেদীন।
নিহতের বন্ধু হাসান জানান, নেহা নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে জয় ও আরও কয়েকজনের সঙ্গে সিফাতের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। সিফাতের বান্ধবী নাজিফা শেখ নেহা জানান, বিকেলে সিফাত তার সঙ্গে দেখা করতে গেলে জয়, রাজিব, ইয়াসিনসহ ৬-৭ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। নেহার দাবি, গত দুই বছর ধরে সিফাতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং পারিবারিকভাবে তাদের বিয়ের কথাবার্তা চলছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।