উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ধারাবাহিক সামরিক অভিযানে অন্তত ২০ জনের বেশি নিহত হয়েছে। গত ৩ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে এসব অভিযান পরিচালনা করা হয় বলে রবিবার দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর জানিয়েছে। নিহত ব্যক্তিরা ভারতের মদদপুষ্ট এবং নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বরের রাতে উত্তর ওয়াজিরিস্তানে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৫ জন নিহত হয়। পরবর্তীতে একই এলাকায় আরেকটি দলের অনুপ্রবেশ প্রতিহত করে সাতজনকে এবং কোহাট ও ডেরা ইসমাইল খানে পৃথক অভিযানে আরও চারজনকে হত্যা করা হয়। আন্তঃসীমান্ত অনুপ্রবেশের এসব ঘটনার প্রেক্ষাপটে আফগান তালেবান সরকারের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান সেনাবাহিনী।
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ঠেকাতে তালেবান প্রশাসনের ব্যর্থতা আবারও স্পষ্ট হয়েছে। তারা সীমান্ত ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক চুক্তি পালনে ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আজম-ই-ইস্তেহকাম পরিকল্পনার আওতায় এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। ষ্টেটমেন্টে এমনটাই স্পষ্ট করা হয়েছে।