উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে বর্তমান সরকারের বৈধতা নিয়েও বড় প্রশ্ন উঠবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। গত শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাই পৌরসদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
ক্ষমতার মসনদে বসে ৭০ শতাংশ মানুষের গণভোটকে অবৈধ বলা নিয়ে প্রশ্ন তুলে মামুনুল হক বলেন, জনগণের ভোটাধিকারকে অবৈধ হিসেবে আখ্যায়িত করার দুঃসাহস কারোরই নেই এবং এটি মূলত জনগণকেই অসম্মান করার শামিল। তিনি বর্তমান সরকারকে ভালোয় ভালোয় সংস্কার কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, গণভোট যদি অবৈধ হয় তবে বর্তমান সরকারও একটি অবৈধ সরকার হিসেবে গণ্য হবে।
এই লংমার্চকে সরকারের জন্য একটি সতর্কবার্তা উল্লেখ করে তিনি জানান, তাদের এই যাত্রা সরকারকে সজাগ করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং সরকার সতর্ক না হলে এবার হলুদ কার্ড দেখানো হবে। এরপরেও পরিস্থিতির পরিবর্তন না হলে দলীয় নেতাকর্মীদের লাল কার্ড প্রস্তুত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠিত ওই পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।