উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের ১১১টি দেশকে পেছনে ফেলে এবারের মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন করেছেন ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী জোহেইরি মোলা দোমিঙ্গেস। এর আগে তিনি মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক-২০২৫ খেতাব জিতে আন্তর্জাতিক এই বিশ্ব আসরে অংশগ্রহণের সুযোগ পান। জোহেইরি মোলা পেশাগতভাবে একজন শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও মডেল হিসেবে কাজ করছেন। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি শিক্ষা এবং আত্মবিশ্বাস বাড়াতে তার ভয়েস অব টুমোরো নামের একটি উদ্যোগ রয়েছে।
ভিয়েতনামে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি। প্রাথমিক চ্যালেঞ্জ, রুদ্ধদ্বার সাক্ষাৎকার এবং সরাসরি মঞ্চের বিভিন্ন ধাপ পেরিয়ে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়। এবারের আসরে ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপের প্রতিযোগীরা প্রথমবারের মতো অংশ নেন। অন্যদিকে ইকুয়েডর, আর্মেনিয়া ও টোগোর প্রতিনিধিরা এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।
প্রতিযোগীদের আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া—এই চারটি মহাদেশীয় অঞ্চলে বিভক্ত করা হয়েছিল। বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ বিউটি উইথ অ্যা পারপাস বিভাগে নিজ মহাদেশে সেরা ছয়ের মধ্যে স্থান পান। তবে শেষ পর্যন্ত তিনি এই প্রতিযোগিতার ফাইনালে সেরা ৪০ জনের তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হন।