উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জয়পুরহাটের ক্ষেতলালে কোনো ধরনের নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুত ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া বাজারের মেসার্স নুর ইসলাম ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানের খুচরা সার বিক্রেতা মো. আবু হাসানকে লাইসেন্স ছাড়া সার বিক্রি, অবৈধ মজুত, মূল্য তালিকা না টাঙানো এবং ক্যাশমেমো ব্যবহার না করার দায়ে এই অর্থদণ্ড দেওয়া হয়। ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন।
অভিযানকালে দোকানটি থেকে ৪৯ বস্তা টিএসপি, ৫ বস্তা এমওপি এবং ৩ বস্তা ইউরিয়াসহ মোট ৫৭ বস্তা সার জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এই সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।