উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মিশরের একটি আদালত জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফাসহ মোট ১১ জনকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার রায় দিয়েছেন। মাদক উৎপাদন, চোরাচালান এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির অপরাধ ও নিরাপত্তা বিষয়ক পরিচিত টিভি অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’-এর সঞ্চালক ছিলেন ৩৯ বছর বয়সী সারা।
তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন এই উপস্থাপিকা। মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম সূত্রে জানা যায়, আসামিরা একটি সুসংগঠিত চক্র তৈরি করে বিদেশ থেকে সিন্থেটিক মাদক তৈরির কাঁচামাল আমদানি করত।
তদন্ত প্রক্রিয়া চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক তৈরির দুটি গোপন গবেষণাগার খুঁজে বের করে। এ ছাড়াও অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সাড়ে সাত শ কেজির বেশি মাদকদ্রব্য ও কাঁচামাল জব্দ করা হয়।