উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় এল-বায়াধ প্রদেশ থেকে চার দিনের দীর্ঘ উদ্ধার অভিযান শেষে ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সি। গত বুধবার ঘাসৌল পৌরসভার এরোকন গ্রামে বাড়ি ফেরার পথে শুকনো কুয়োয় পড়ে যায় আইয়ুব নামের ওই শিশুটি। কুয়োর মুখে থাকা একটি কাঠের বোর্ডের ওপর পা রাখলে সেটি ভেঙে যায় এবং প্রায় ৮০ মিটার বা ২৬২ ফুট গভীর ও ৪০ সেন্টিমিটার বা ১৫.৭৫ ইঞ্চি ব্যাসের ওই গহ্বরে সে পড়ে যায়।
গহ্বরটি সংকীর্ণ হওয়ায় উদ্ধারকর্মীরা সরাসরি নিচে নামতে পারেননি, ফলে তারা সমান্তরাল আরেকটি শাফ্ট খুঁড়ে অনুভূমিক পথ তৈরি করে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা করেন। আলগা মাটি এবং কঠিন পাথরের স্তর থাকার কারণে উদ্ধারকাজ বেশ জটিল হয়ে পড়েছিল বলে জানান কর্মকর্তারা। এল-বায়াধের প্রাদেশিক গভর্নর নুরেদ্দিন বেলাবির অধীনে সিভিল প্রোটেকশন, নিরাপত্তা ও সামরিক কর্মীদের নিয়ে একটি জরুরি সংকট মোকাবিলা সেল গঠন করা হয়েছিল।
উদ্ধার অভিযান চলাকালীন স্থানীয় শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন এবং পরিবারটিকে সান্ত্বনা ও সমর্থন জানান। এদিকে আইয়ুবের এই মর্মান্তিক মৃত্যুর পর গ্রামীণ এলাকায় অরক্ষিত কুয়োগুলোর নিরাপত্তা নিয়ে আলজেরিয়ায় নতুন করে জনআলোচনা শুরু হয়েছে। এর আগে ২০১৮ সালে এমসিলা প্রদেশে এমন একটি ঘটনা ঘটেছিল এবং ২০২২ সালে মরক্কোর শিশু রায়ানের মৃত্যুর ঘটনাটিও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।