উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তাঁর স্ত্রী দিলশাদ নাহার কাকলীর দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দাখিল করা তথ্যের সঙ্গে বাস্তব সম্পদের মিল আছে কি না এবং কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে গত রবিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদকের উপপরিচালক মো. জাকারিয়ার সই করা চিঠিতে অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেনকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজিজ আহমেদের ৩১ পাতা এবং তাঁর স্ত্রীর ১৪ পাতার নথিপত্র পর্যালোচনা করে এই অনুসন্ধান পরিচালনা করা হচ্ছে।
এর আগে ২০২৪ সালের মে মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর আজিজ আহমেদের বিরুদ্ধে প্রকাশ্য নিষেধাজ্ঞা জারি করে। এরপর গত বছরের সেপ্টেম্বরে আজিজ আহমেদ এবং তাঁর দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
ক্ষমতার অপব্যবহার করে রাজধানীসহ বিভিন্ন স্থানে বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং শত কোটি টাকা ব্যয়ে বাংলো নির্মাণের অভিযোগ রয়েছে সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে। এছাড়া তাঁর ভাইদের নামেও দেশবিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার অভিযোগ ওঠার পর তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।