উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
“যদি কৃষি ব্যর্থ হয়, তাহলে আর কোনো ক্ষেত্রেই সফলতা সম্ভব নয়”—কৃষিবিজ্ঞানী ড. এম. এস. স্বামীনাথনের এই কথাটি যখন কৃষির গুরুত্ব বোঝাতে বারবার উচ্চারিত হয়, তখন মুন্সীগঞ্জের বাস্তব চিত্র যেন তার সম্পূর্ণ বিপরীত। জেলার বিভিন্ন এলাকায় দিনের পর দিন চলছে কৃষিজমি, পুকুর, ডোবা, নালা ও জলাশয় ভরাট। কোথাও আবাসন, কোথাও বসতবাড়ি, আবার কোথাও বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য কৃষিজমি ও জলাধার ভরাটের অভিযোগ উঠছে। স্থানীয়দের অভিযোগ, এসব ভরাটের পেছনে রয়েছে ড্রেজার ব্যবসায়ী চক্র, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় প্রভাবশালীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নাম ব্যবহার করেও কোথাও কোথাও চলছে এসব কর্মকাণ্ড। সবচেয়ে উদ্বেগের বিষয়, অনেক ক্ষেত্রেই ভরাটের কাজ চলছে প্রকাশ্যে—দিনরাত। অথচ সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় কৃষক ও পরিবেশকর্মীরা।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ সড়কসহ স্থানীয় সড়কের একাংশ কেটে কিংবা সড়কের ওপর দিয়ে বড় পাইপ টেনে এক স্থান থেকে অন্য স্থানে মাটি সরবরাহ করা হচ্ছে। এতে সড়কে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা এবং সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ তৈরি হচ্ছে।অভিযোগ রয়েছে, এভাবেই জেলার ছয় উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে কৃষিজমি, পুকুর, ডোবা ও নালা ভরাট করা হচ্ছে। স্থানীয়দের দাবি, কোনো কোনো এলাকায় সরকারি জমি, খাসজমি কিংবা ব্যক্তিমালিকানাধীন জমি—কোনোটিই ভরাটকারীদের হাত থেকে নিরাপদ নয়। দ্রুত মাটি ফেলে জমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তন করে পরে সেখানে স্থাপনা কিংবা আবাসন প্রকল্প গড়ে তোলার অভিযোগও রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও, আউটশাহী, সিলিমপুর, বিজয়নগর, আড়িয়াল, সোনারং-টঙ্গিবাড়ী, আবদুল্লাহপুরসহ বিভিন্ন ইউনিয়নে কৃষিজমি ও জলাশয় ভরাটের অভিযোগ তুলনামূলক বেশি। কৃষকদের অভিযোগ, একসময় যেসব জমিতে ধান, সবজি ও অন্যান্য ফসল উৎপাদন হতো, সেসব জমি এখন ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। শুধু ফসলি জমিই নয়, পুকুর, ডোবা ও নালা ভরাটের কারণে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।
আড়িয়াল ইউনিয়নের এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনের পর দিন কৃষিজমির পাশাপাশি পুকুর, ডোবা ও নালা ভরাট করা হচ্ছে। অথচ এসব রক্ষায় দায়িত্বপ্রাপ্তরা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। তার ভাষ্য, “কৃষিজমি শেষ হয়ে গেলে আমরা চাষ করব কোথায়? পুকুর-ডোবা ভরাট হয়ে গেলে পানি পাব কোথায়?” তবে ওই কৃষকের অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মুন্সীগঞ্জ শহরের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে বিশিষ্ট নাট্যকার জাহাঙ্গীর হোসেন ঢালী বলেন, বিগত সময়ে যেভাবে বিভিন্ন অনিয়ম ধীরে ধীরে নিয়মে পরিণত হয়েছিল, বর্তমানে একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। তিনি বলেন, কৃষিজমি, পুকুর, ডোবা ও নালা অবৈধভাবে ভরাটের কারণে দেশের বড় ধরনের ক্ষতি হচ্ছে। প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আবাসনের নামে ভরাট করা কৃষিজমি রক্ষায় উদ্যোগ নিতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে টঙ্গিবাড়ী উপজেলার এক সুশীল সমাজকর্মী বলেন, চলতি বছর যেভাবে কৃষিজমি ও জলাশয় ভরাট হচ্ছে, তা উদ্বেগজনক।তার দাবি, ভরাটের সঙ্গে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ কারণে প্রশাসন অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। তিনি আরও অভিযোগ করেন, কোথাও প্রশাসন অভিযান চালিয়ে সাময়িকভাবে ভরাট বন্ধ করলেও কয়েক দিন পর আবার একই কাজ শুরু হয়ে যায়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এই প্রতিবেদকের হাতে পাওয়া যায়নি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, যেখানেই কৃষিজমি ভরাটের খবর পাওয়া যায়, প্রশাসনের সহযোগিতায় তা বন্ধ করার চেষ্টা করা হয়। তিনি বলেন, “এভাবে কৃষিজমি ভরাট হতে থাকলে কৃষিপ্রধান এই জেলা একসময় কৃষিজমিশূন্য হয়ে যেতে পারে।” কৃষিজমি রক্ষায় শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অবৈধ ভরাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম জানান, প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-কে অবৈধভাবে জমি ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, অবৈধ ভরাট বন্ধে মোবাইল কোর্ট পরিচালনারও নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কৃষিজমি ও জলাশয় ভরাটের অভিযোগ নতুন নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে—প্রশাসনের নাকের ডগায় যদি দিনের পর দিন ড্রেজারের পাইপ বসিয়ে মাটি ফেলা হয়, সড়ক কেটে পাইপ নেওয়া হয় এবং বড় পরিসরে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ ওঠে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে বিষয়গুলো আসছে না কেন? কৃষি উৎপাদন, পানি নিষ্কাশন, ভূ-প্রকৃতি ও পরিবেশের ওপর এসব ভরাটের দীর্ঘমেয়াদি প্রভাব কী—তারও পূর্ণাঙ্গ হিসাব নেই বলে অভিযোগ স্থানীয়দের। আর এভাবে একের পর এক কৃষিজমি ও জলাশয় হারিয়ে যেতে থাকলে শুধু একটি জমি নয়, ক্ষতিগ্রস্ত হবে পুরো কৃষি ও পরিবেশব্যবস্থা।
তাই এখন মূল প্রশ্ন—কার স্বার্থে ভরাট হচ্ছে এসব কৃষিজমি ও জলাশয়? আর প্রশাসনের চোখের সামনে চলা এই ভরাটের দায় নেবে কে?