উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত আগস্ট মাসে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে দেশজুড়ে মোট ১ কোটি টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সময়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে সবমিলিয়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলায় এই অভিযানগুলো পরিচালনা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ২৫টি অভিযানে ১০ লাখ টাকা জরিমানা ও ১০টি মামলা হয়। অন্যদিকে ঢাকার বাইরে ২৯টি অভিযানে ৪৮ লাখ টাকা জরিমানা এবং ৩১টি মামলা দায়ের করা হয়। এছাড়া বিশুদ্ধ খাদ্য আদালত ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পরিচালনায় সামারি ট্রায়ালে ৫টি প্রতিষ্ঠানকে ৪২ লাখ টাকা জরিমানা ও ৯টি মামলা দেওয়া হয়।
আলোচ্য মাসে সংস্থাটি ১ হাজার ১৯৮টি খাদ্যস্থাপনা মনিটরিং এবং ১৩টি রপ্তানিযোগ্য পণ্যের স্বাস্থ্যসনদ প্রদান করে। এছাড়া ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহে ৭টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা জরিমানা ও ৭টি মামলা করা হয়।
এই এক সপ্তাহে রাজধানীসহ বিভিন্ন জেলায় ১৩৭টি খাদ্যস্থাপনা মনিটরিং করা হয়েছে। খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনে নিরাপদ খাদ্যবিধি মানা হচ্ছে কি না, তা তদারকি করতেই এই কার্যক্রম জোরদার করা হয়েছে।